বিক্ষোভে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান, পুলিশের গাড়িতে বসে কী বললেন?
ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) শহরটির আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাঁকে আটক করা হয়। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভের প্রতি সংহতি জানাতে সেখানে যাওয়ার কথা ছিল তাঁর।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পুলিশের গাড়ির ভেতর থেকে একটি সেলফি প্রকাশ করেন ইমরান। ছবির ক্যাপশনে মজার ছলে তিনি লেখেন, ‘মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সংগঠনটি। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়েও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল।
তবে আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের অনুমতি ছিল না বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, শহরে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান আজাদ ময়দান। অন্যদিকে, সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ইমেইলে পুলিশের কাছে অনুমতি চেয়েও কোনো জবাব পাননি।
এবারই প্রথম নয়, এর আগেও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন ইমরান। গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সে সময় শিল্প ও রাজনীতির সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে ইমরান বলেছিলেন, একজন শিল্পীর ব্যক্তিগত মতামত ও দৃষ্টিভঙ্গি তাঁর শিল্পকর্মে প্রতিফলিত হওয়াই স্বাভাবিক। নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে না পারলে এবং হৃদয়ের অনুভূতি শিল্পে প্রকাশ করতে না পারলে সেই শিল্পের কোনো মূল্য থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, দিল্লিতে একই বিক্ষোভ ঘিরে প্রায় দেড় হাজার মানুষকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রাজনৈতিক নেতা ও আন্দোলনকর্মীরাও রয়েছেন। ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন নিয়ে দেশটির বিভিন্ন স্থানে উত্তেজনা তৈরি হয়েছে।

বিনোদন ডেস্ক