ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা, স্বর্ণালংকারসহ মালামাল লুটের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে ডাকাত দলের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪-৫ জনের একদল মুখোশধারী লোক তার স্বামীর নাম ধরে ডাকেন। তারা দরজা খোলার পরপরই ঘরে প্রবেশ করে স্বামীর হাত-পা বেঁধে মারধর শুরু করেন। এরপর ডাকাতরা শাহানাজ বেগমেরও হাত-পা ও গলা বেঁধে ফেলে ঘরের চাবি ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, চিনে ফেলার ভয়ে ডাকাতরা তার স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে সেখানে ডাকাতির সুস্পষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)