নেত্রকোনার মদনে ট্রাকসহ ২০ টন সরকারি চাল জব্দ, আটক ৩
নেত্রকোনার মদনে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) মদন উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-২২-৩১২০। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন ট্রাকচালক শামীম (২৮), শাহীন মিয়া ও মাহমুদুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাকটিতে মোট ৬৬৬ বস্তা চাল ছিল। এর মধ্যে ৩০ কেজি ও ২০ কেজি ওজনের বস্তা রয়েছে। জব্দকৃত চালের পরিমাণ প্রায় ২০ টন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
জব্দকৃত চাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী রাইস মিল এবং তালুকদার রাইস মিলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
অভিযানে অংশ নেন মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা অসীম কুমারসহ পুলিশের সদস্যরা। পরে চালভর্তি ট্রাকটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে চালসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি। চাল পরিবহণ ও সংরক্ষণ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভজন দাস, নেত্রকোনা