বেগুন-কাঁকরোলে শতক পার, বাড়ছে ডিম-মাংসের দাম
দাম বেড়ে বেগুন-কাঁকরোল এখন সেঞ্চুরি পার করেছে। একইসঙ্গে তাল মিলিয়ে দামের ক্ষেত্রে সেঞ্চুরি পার করেছে সজনে ডাঁটাসহ গাজরও। অন্যদিকে বন্যার কারণে বাজারে বাড়তি দামে চাল বিক্রি হলেও নতুন চাল আসায় এ দাম কিছুটা কমেছে। এমনটিই বলছেন কারওয়ান বাজারের চাল ব্যবসায়ীরা।
তারা বলেন, কয়েকদিন আগেও চাল কিনেছি বেশি দাম দিয়ে। পরিবহণ ব্যয়সহ অন্যান্য খরচ বাড়ায় আগের চেয়ে চালের দাম বেড়েছে। সবমিলিয়ে বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করেছি। তবে এখন সেই দাম নেই। বাজারে নতুন চাল আসা শুরু করেছে। এতে ইতোমধ্যে চালের দাম কমেছে।
অপরদিকে সোনালি ও ফার্মের মুরগির দাম কমলেও দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। একইসঙ্গে বেড়েছে গরুর মাংসের দাম। কেজিতে এই মাংসের দাম বেড়েছে ৫০ টাকা। অপরদিকে ফর্মের ডিম ডজন ১৪০-১৫০ টাকা; যা দুই সপ্তাহ আগেও ছিল ১১০ টাকার মধ্যে। এমনটি জানালেন একই বাজারের মাংস ব্যবসায়ীরা।
সিটি রাইজ এজেন্সির এক বিক্রেতা বলেন, এখন মিনিকেট চাল প্রতিকেজি সর্বনিম্ন দাম ৬৮ টাকা এবং সর্বোচ্চ ৮০ টাকা, নাজিরশাইল প্রতিকেজি সর্বনিম্ন ৭৬ টাকা এবং সর্বোচ্চ ৮৬ টাকা, আটাশ চাল প্রতিকেজি সর্বোচ্চ ৫১ টাকা, বাসমতি চাল প্রতিকেজি সর্বোচ্চ ৯৬ টাকা এবং চিনিগুড়া চাল প্রতিকেজি সর্বোচ্চ ১৪২ টাকায় পাওয়া যাচ্ছে। এক সপ্তাহের আগেও এসব চালের দাম বাড়তি ছিল। নতুন চাল বাজারে আসায় এখন কিছুটা কমে চাল পাওয়া যাচ্ছে।
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে গত এপ্রিলে দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। ওই সময় অনেক সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। বাজারে গিয়ে তখন অনেক ক্রেতাই বিপাকে পড়েছিলেন। এক মাস আগেও যেসব সবজি সেঞ্চুরি পার করেছিল, গত সপ্তাহে সেসব সবজির দাম ৭০ টাকার ঘরে চলে এসেছে। তবে এখনও চার-পাঁচটি সবজির দাম ১০০ টাকার ওপরে রয়েছে।
বাড়ছে বেগুন, কাকরোল, টমেটো, গাজরসহ সজনে ডাঁটার দাম। সপ্তাহ আগে প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এসবের সঙ্গে ছড়া কচু ও পেঁপের দামও বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজির দাম শতকের ঘরে চলে এসেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে মরিচের দাম কেজি প্রতি সেঞ্চুরি পার করেছে। অবশ্য পটল, ঢেঁড়শ ও করলা প্রতি কেজি এখন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি গত সপ্তাহে একই দামে পাওয়া যেত।
আজ শুক্রবার (১৫ মে) রাজধানীর কারওয়ানবাজার, কাপ্তানবাজারসহ কয়েকটি কাঁচাবাজারে সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহে যেখানে খুচরা সবজির দোকানে কাকরোল প্রতি কেজি বিক্রি হয়েছিল সর্বোচ্চ ৮০ টাকায়, এখন সেই কাকরোল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১১০ টাকায়। গত মাসেও যে বেগুন দাম ছিল ৮০ টাকা, এখন সেই বেগুনের দাম ১০০ টাকার বেশি। তবে বাজারে লম্বা ও গোল বেগুনের দামে ভিন্নতা রয়েছে। এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। বাজারে এখন লাউ ও চালকুমড়া বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। মিষ্টি কুমড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। ঢেঁড়শ, লতি, চিচিঙ্গা, ধুন্দল বিটরুট, পটল, টমেটো, করলা, কহি প্রতিকেজি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে।
এছাড়া দেশি মুরগি প্রতি কেজি ৭৩০ থেকে ৭৫০ টাকা, সোনালি মুরগি প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা এবং ফার্মের মুরগি আকার ভেদে ১৭০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী আব্দুল আউয়াল বলেন, দেশি মুরগির দাম বেড়েছে। তবে সোনালি ও ফার্মের মুরগির দাম কমেছে। সোনালি মুরগিতে কেজিপ্রতি কমেছে ২০ টাকা। ফার্মেও একই অবস্থা। অপরদিকে দেশি মুরগি প্রতি কেজি ৫০ টাকার মতো বেড়েছে। দেশি মুরগি বাজারের চাহিদার তুলনায় কম। ফলে দেশিতে দামও গুনতে হচ্ছে বেশি।
গরুর মাংস প্রতিকেজি ৮০০ টাকা, খাসির মাংস প্রতিকেজি ১২৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১৫০ টাকা। গরুর মাংসের দাম বাড়তি জানিয়ে কারওয়ান বাজারের মাংস ব্যবসায়ী আমজাদ বলেন, সপ্তাহ আগে ৭৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করেছি। কিন্তু আজ ৮০০ টাকা কেজিতে গরুর মাংস বেচতে হচ্ছে। কোরবানিকে কেন্দ্র করে গরুর দাম বেড়েছে। তাই এখন বেশি দাম দিয়ে গরু কিনতে হচ্ছে।
কাপ্তানবাজারে সবজি ব্যবসায়ী রাজন মিয়া বলেন, সবজির দাম ওঠানামা করে, তবে এবারে চার-পাঁচটি সবজির দাম শত টাকা পার করেছে। এবারে বেগুন, কাকরোল, গাজর, সজনে ডাঁটাসহ মরিচের দাম বাড়তি জানিয়ে তিনি বলেন, চাহিদা বাড়ায় এখন দাম বাড়তি। অপরদিক মৌসুম না থাকায় বেশকিছু সবজির দাম আগে থেকেই বাড়তি। একই বাজারে কথা হয় সবজি ক্রেতা জোবায়েরের সঙ্গে। তিনি বলেন, কয়েকটি সবজির দাম শত টাকা পার করেছে, যা কিছুদিন আগেও ছিল ৭০ টাকার মতো। কয়েকদিন আগেও সেসব সবজি ৮০ টাকার নিচে কিনতে হয়েছে, তা এখন ১০০ টাকার ওপরে। কোথাও কোথাও মানভেদে দামে পার্থক্য আরও বেশি।
পেঁপের দাম এখন কেজি প্রতি ৮০ টাকা জানিয়ে জোবায়ের বলেন, পেঁপে ১২ মাসই পাওয়া যায়। বছরজুড়েই পেঁপের দাম সর্বোচ্চ ৪০ থেকে ৫০ টাকা ওঠে। এখন সেই পেঁপের কেজি ৮০ টাকা।
কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী আসমা বলেন, সরবরাহ কমের কারণে কিছু সবজির দাম বাড়তি। তবে সরবরাহ বাড়লে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

মোহাম্মদ আনিসুজ্জামান