পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ১২৯
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (১৬ মে) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ৩১ জন, তেজগাঁও থেকে ৪৯, গুলশান থানা এলাকা থেকে ৩০ এবং যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৬, মোহাম্মদপুর থানায় ১৬, আদাবর থানায় ৭, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন। যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তারদের মধ্যে তিনজন নিয়মিত মামলার এবং একজন পুরোনো মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া চারজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি ১১ জনকে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে সাজা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক