এবার আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ‘ট্রাম্প’, ‘নেতানিয়াহু’
ঘনিয়ে এসেছে ঈদুল আজহা। জমে উঠেছে কোরবানির পশুর বাজার। প্রতিবছরই কোরবানির পশুর নামে থাকে নানা বৈচিত্র্য। তবে এবার যেন অতীতের সব রেকর্ডই ছাড়িয়ে গেল। এ বছর বাংলাদেশের ভাইরাল দুই মহিষ ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরেও।
দ্য ইন্ডিপেন্ডেন্ট, এনডিটিভি, পাকিস্তান টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ আরও বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে ভাইরাল দুই মহিষ ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাথার চুলের মিল থাকায় মহিষটির এ নাম রাখা হয়। গোলাপি চামড়ার মহিষটি ৭০০ কেজির। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, মহিষটির মাথার সোনালি রঙের লোম, যা দেখতে মার্কিন প্রেসিডেন্টের চুলের মতো। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশের এই ‘ট্রাম্প’।
দ্য ইন্ডিপেন্ডেন্টে এক দর্শনার্থীর সাক্ষাৎকার উল্লেখ করা হয়েছে। ওই দর্শনার্থী বলেন, ‘ফেসবুকে যখন ওর ছবি দেখি, তখন ওকে দেখতে হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতোই লাগছিল। ওর মুখের গঠন, এমনকি চুলের স্টাইলও ট্রাম্পের সঙ্গে মিলে যায়।’
নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা মেলে সাড়ে তিন বছর বয়সী প্রায় ৭০০ কেজির এ মহিষটির। এলবিনো জাতের এ মহিষের মাথার সামনের দিকে রয়েছে সোনালি রঙের লম্বা চুল। দেখতে ব্যতিক্রমী এ মহিষটির কথা ছড়িয়ে পড়ায় প্রতিদিন পাইকপাড়া এলাকায় ভিড় করছেন অসংখ্য মানুষ। খামারে ঢুকে এ মহিষের সঙ্গে ছবি তুলছেন দর্শনার্থীরা।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামে আরও একটি মহিষের নামকরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের এই ‘নেতানিয়াহু’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘ট্রাম্পের’ মতো এর স্বভাব শান্ত নয়। ‘নেতানিয়াহুর’ মেজাজ আক্রমণাত্মক। ৭৫০ কেজির বেশি ওজনের ওই মহিষটি প্রায়ই দর্শনার্থীদের দিকে তেড়ে যায়।

এনটিভি অনলাইন ডেস্ক