ধলুকে কুপিয়ে হত্যা, একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রাস্তায় বেড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন ওরফে ধলু নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় সোহেলকে যাবজ্জীবর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২০ মে) ঢাকার ৮ম অতিরিক্ত দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ মুনির হোসাঈন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) ফয়সাল মাহমুদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।
নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ১৯ এপ্রিল আসামি সোহেল, তার পিতা ও ভাই ফিরোজ আল মামুন চলাচলের রাস্তায় বেড়া নির্মাণ করেন। এই বেড়া নির্মাণের কারণে ভিকটিম ধলুর পরিবারের সঙ্গে সোহেলের ঝগড়া হয়। ঝগড়ার সময় সোহেলের পরিবারের অন্য সদস্যরা প্রাণনাশের হুমকি দেন। পরের দিন রাত ১০টা ৩০ মিনিটে আসামি সোহেল ভিকটিম দেলোয়ার হোসেন ধলুকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরপরে ধলুকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পরে বাদী ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে ২০১২ সালের ২২ এপ্রিল ধামরাই থানায় মামলা করেন। মামলার পরে ধামরাই থানার পুলিশ তদন্ত শেষে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেছেন।

আদালত প্রতিবেদক