দুস্থদের ভিজিএফের ৯০০ কেজি চালসহ আটক ১
নওগাঁর মান্দায় সরকারিভাবে বরাদ্দকৃত দুস্থদের ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. উজ্জ্বল সাকিদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন যে, মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে গরিব মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল পাচার করা হচ্ছে। পরে তার নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে পুলিশ জানতে পারে, মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের মাঝে বিতরণকৃত ভিজিএফের চাল পরিষদ সংলগ্ন মো. বাবু মণ্ডল (৫৬) নামের এক ব্যক্তির বাড়ির পাশের একটি টিনশেড রান্নাঘরে মজুদ করা হচ্ছে। মূলত চালগুলো পরবর্তীতে বেশি দামে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই রান্নাঘরে অভিযান চালিয়ে মোট ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় ওই দিন সন্ধ্যা ৬টার দিকে নিন্দইন ব্রিজ মোড় এলাকা থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে মো. উজ্জ্বল সাকিদারকে একটি ভ্যানে করে চাল বহন করতে দেখা যায়। পুলিশ ভ্যানটি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, এই সরকারি চালগুলো সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পরবর্তীতে তা বেশি দামে বিক্রি করার কথা ছিল।
এ ঘটনায় আটক উজ্জ্বল সাকিদার, পলাতক বাড়িওয়ালা বাবু মণ্ডল এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত একজনকে ইতোমধ্যে আটক করা হলেও এর পেছনে আরও একটি চক্র জড়িত রয়েছে বলে আমরা ধারণা করছি।

সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)