জাম পাড়া নিয়ে বিরোধ, বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু নিহত
চাঁদপুর শহরের যমুনা রোডে গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে কিশোরদের বিরোধের জেরে মো. ইয়াছিন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। মেহেদী হাসান (১৪) নামের এক বন্ধুকে বাঁচাতে গিয়ে অপর কিশোর মুসা প্রধানিয়ার (১৭) বাঁশের লাঠির আঘাতে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মুসা প্রধানিয়া পলাতক রয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে যমুনা রোড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত কিশোর মুসা একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়ার সাথে একই এলাকার মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মেহেদীকে মারধর শুরু করে মুসা। ওই সময় ইয়াছিন এগিয়ে এসে মারধরের কারণ জানতে চাইলে মুসা তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইয়াছিন লুটিয়ে পড়লে মুসা তাকে আরও কয়েকটি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
মেহেদী হাসানের মা ইনুন নেছা বলেন, মূলত আমার ছেলের সাথেই মুসার বিবাদ হয়েছিল। তাকে বাঁচাতে গিয়েই ইয়াছিন মারধরের শিকার হয়। ওর আরেক ভাই কিছুদিন আগে পানিতে ডুবে মারা গেছে। খুবই নিরীহ পরিবারের ছেলে ইয়াছিন। মৃত্যুর পর ইয়াছিনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনা হলে বিকেলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত জাম পাড়াকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে এই ঘটনাটি ঘটে। নিহত ইয়াছিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর