এনটিভির এমসিআর ম্যানেজার তাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড এনটিভির সম্প্রচার বিভাগের (এমসিআর) ম্যানেজার তাইফুর রহমান নাদভীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর কাওরান বাজারস্থ এনটিভির প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দীন আহমেদসহ সকল বিভাগীয় প্রধান এবং এনটিভি পরিবারের সকল কর্মী অংশগ্রহণ করেন।
গত ৩০ মে মাত্র ৪২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে তাইফুর রহমান নাদভী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তাঁর সহধর্মিণী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ৩১ মে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাইফুর রহমান নাদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মে) রাত ১০টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয় নাদভীর। তাৎক্ষণিক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে বিআরবি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গত শুক্রবার রাতে বাংলাদেশ মেডিকেল স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিজস্ব প্রতিবেদক