সিরাজগঞ্জে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে ১ জনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের চড়ইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম চড়ইমুড়ী গ্রামের দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বিকেলে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুলাল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল উল্লাপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, বজ্রাঘাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও সরকারি সহায়তা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ