শিশু রিফাত হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ১০ বছরের কারাদণ্ড
বগুড়ায় আট বছর বয়সী রিফাত হোসেন নামের এক শিশুকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৮ সালের এ হত্যা মামলায় আজ রোববার (২১ জুন) রায় ঘোষণা করা হয়।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক এ সাজা ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাজাহানপুর উপজেলার খাদস গ্রামের আবুল কালাম আজাদ, সাগর, সেলিম ইসলাম, মেহেদী হাসান ও রাজু ইসলাম। এদের মধ্যে সাগর ও সেলিম পলাতক রয়েছে এবং বাকিরা আজ আদালতে উপস্থিত ছিলেন।
১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—একই গ্রামের সজীব হাসান, মফিজুল ইসলাম, জাহিদ হাসান, বোরহান আলী ও বায়েজিদ হাসান। পলাতক দুজন গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের সাজা কার্যকর হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রিফাত হোসেনের বাবা এনামুল হক বিদেশে থাকতেন। তবে তিনি বিদেশ থেকে ফেরার পর প্রতিবেশী আজাদ বিভিন্ন সময়ে বারবার তার কাছে টাকা চেয়েছিল।
২০১৮ সালের ১৫ জুলাই আজাদ আবারও এনামুলের কাছে ঋণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন। কিন্তু এনামুল তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান। সেদিন বিকেলে এনামুলের বড় ছেলে রিফাত হোসেন নিখোঁজ হয়। পরে এ ব্যাপারে এনামুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ হওয়ার তিন দিন পর পার্শ্ববর্তী গ্রাম পোয়ালগাছার একটি সেতুর নিচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। পরে এনামুল এ ব্যাপারে শাহজাহানপুর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় অভিযুক্তদের মধ্যে মাসুদ রানা নামের একজন বিচার চলাকালে মারা যান।

আতিকুর রহমান সোহাগ, বগুড়া