ব্রাহ্মণবাড়িয়ায় বজলুর রহমান পাঠাগারে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামের বজলুর রহমান পাঠাগারের আয়োজনে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় এফ আর আদর্শ বিদ্যাকানন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। পাশাপাশি শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে একটি চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে শিক্ষার্থীদের আঁকা ৪১টি চিত্রকর্ম স্থান পায়। এর কিউরেটর ছিলেন চিত্রশিল্পী ও এনিমেটর শাহনাজ জাহান।
পাঠাগারের সংগঠক তানহার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়া ও ঐশী। একক আবৃত্তি পরিবেশন করে তানহা। এছাড়া পাভেল রহমানের নির্দেশনায় ‘গঙ্গাফড়িং’ শীর্ষক দলীয় আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের আগামী ইনক (ইউএসএ) এর প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান পারভেজ, সমাজ চিন্তক বজলুর রহমান, এফ আর আদর্শ বিদ্যাকাননের প্রধান শিক্ষক ও নারীনেত্রী ফজিলাতুন্নাহার, আমেরিকা থেকে আগত আশা আক্তার ও আতিফ রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শাহনাজ জাহান, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী পাভেল রহমান, সিজান, জিনান, শাওনসহ অনেকে।

এনটিভি অনলাইন ডেস্ক