বরগুনায় বজ্রাঘাতে তালগাছে অগ্নিকাণ্ড
বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রাঘাতে একটি প্রায় ৫০ ফুট উঁচু বিশাল আকৃতির তালগাছে আগুন লেগে মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ সোমবার (২৯ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পনু মোক্তারের বাড়ির সামনের তালগাছটিতে বজ্রপাত ঘটলে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর কোনো সুযোগ পায়নি। তারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বজ্রপাতের পর মুহূর্তেই তালগাছের মাথায় আগুন ধরে যায় এবং পুরো গাছটি জ্বলতে থাকে। কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আগুন ধীরে ধীরে নিভে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সাংবাদিক প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা বলেন, ‘ঘটনাটি ছিল অত্যন্ত বিপজ্জনক। বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। আমরা সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছি।’

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)