আগামীতেও দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে এনটিভি : মোসাদ্দেক আলী
এনটিভি দেশ ও জনগণের জন্য সবসময়ে সচেষ্ট থাকবে জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, আজকে ২৩ বছর পার হয়ে ২৪ বছরে পদার্পণ করেছে এনটিভি। গত ২৩ বছর এনটিভি যেভাবে কাজ করছে আগামী দিনগুলোতেও দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে।
রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে আজ শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কেক কেটে এনটিভির জন্মদিন উদযাপন করা হয়। এসময় এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী তাঁর বক্তব্যে এসব কথা বলেন।
এনটিভির চেয়ারম্যান আরও বলেন, এনটিভির এই অনুষ্ঠানে আসতে পেরে আমি মহান রাব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান দিয়ে শুরু করেছিল। এই চ্যানেলের নাম বলতে গেলে একজনের নাম বলতে হয়। আপনারা জানেন তিনি আমার মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জেনে থাকবেন সব সময়ে উনি সহযোগিতা করেছেন, শুধু তাই না ব্যক্তিগতভাবেও সহায়তা করেছেন। ১/১১ সরকারের সময় এনটিভি ভবনে আগুন লেগেছিল। সেসময় রাতের বেলায় তিনি নিজে চলে এসেছিলেন গাড়ি নিয়ে। আমাদেরকে উৎসাহী করেছিলেন। এসময় আমি জেলে ছিলাম। আমার কর্মীবাহিনী আর উনার উৎসাহের কারণে একমাসের মধ্যে আবারও এনটিভি চালু করতে পেরেছিলাম। আজ তাঁরই সরকার, তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান আছেন। সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে, আমি আমার বক্তৃতাতেও বলেছি এবং আমরাও ধারণ করি, বাংলাদেশ সবার আগে।
মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আমরা আশা করবো আগামীর দিনগুলোতে দেশ এবং সবার সাথে গত ২৩ বছর এনটিভি যেভাবে দেশের উন্নয়নে কাজ করছে, আগামীতেও সেভাবে থাকবে। বিশেষ করে বলতে চাই, ২৪ জুলাই আন্দোলনে আপনারা এনটিভির ভূমিকা দেখেছেন। সবাই জেনে থাকবেন এনটিভির যে স্লোগান ছিল, ‘সময়ের সাথে আগামীর পথে’ দেশবাসীকে নিয়ে যে কাজ করবে এবং সব সময়ে গণতন্ত্রের আন্দোলনে সে ভূমিকা তারা পালন করেছে। আপনারা দেখছেন রংপুরে যখন আন্দোলন চলছিল, সেসময় পুলিশের গুলির আমাদের যে ফুটেজটা ছিল, সেটা লাইভ কাভার করেছিল একমাত্র এনটিভি। সে সময় আবু সাঈদের ছবি থেকে সারা দেশে বিদ্যুৎগতিতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আমরা গর্ববোধ করছি সেই সময় আন্দোলনে শরিক থাকতে পেরে। আমরা আশা করবো আগামীতে দেশের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে যা করার দরকার আমরা করবো। আপনারা যদি সাহায্য করেন, পরামর্শ দেন, সহযোগিতা করেন; তাহলে এনটিভি দেশের জন্য এবং জনগণের জন্য সবসময়ে সচেষ্ট থাকবে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুল রহমান মান্না, এনটিভির ভাইস চেয়ারম্যান রোজা আলী, এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী শিশির মনির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ এনটিভি পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক