শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শেরপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আঁধার, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেল, প্রবীণ সাংবাদিক জিএম আজফার বাবুল ও দেবাশিষ সাহা রায়সহ স্থানীয় শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীরা।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
শতাধিক গণমাধ্যমকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এনটিভির এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শেরপুরের কর্মরত সাংবাদিকদের একটি মিলনমেলায় পরিণত হয়। বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

কাকন রেজা, শেরপুর