রাণীশংকৈলে এনটিভির জন্মদিন পালন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত ৮টায় পৌর শহরের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভি অনলাইনের প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন। প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, নন্দুয়ার ইউপি বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম ও মহিলা দলের সদস্য সচিব আনারকলি।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি কুশমত আলী ও মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহম্মেদ সরকার, নিউজ ২১ প্রতিনিধি আঃ জব্বার ও আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেলটির কর্তৃপক্ষ ও পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে বক্তারা এনটিভিসহ উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজে সজাগ ও তৎপর ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এস কে সুজন, ঠাকুরগাঁও (পীরগঞ্জ-রানীশংকৈল)