ফেস দ্যা পিপলের সম্পাদক সাগরের বিরুদ্ধে মামলা
চাঁদা দাবি ও মানহানির মামলায় ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন। এদিন আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক বাদীর জবানবন্দি শুনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী মো. আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিচারক তদন্ত করে আগামী ১০ আগস্ট মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের জন্য মাস্তুল ফাউন্ডেশনে অফিসে আসেন। এরপর আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা করে দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য আসামিদের মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ আসামিদের দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় ভয়ভীতিসহ প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
নথি থেকে আরও জানা গেছে, গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ন করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে দাবি করা হয়।

আদালত প্রতিবেদক