এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬) ও মো. শাহাদাত হোসেন (৪০)। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে পদযাত্রাপরবর্তী সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়। হামলার সময় সমাবেশমঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিস্ফোরণের পর সমাবেশস্থলে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক