বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার পারভেজ ব্যাপারী নামে একাধিক মামলার এক আসামিকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। গতকাল সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লক্ষ্মীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তারের পরপরই পারভেজের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। হঠাৎ বোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে সেই সুযোগে তারা পারভেজকে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, পারভেজকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে একটি পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। কিন্তু সেখানে আগে থেকেই ওত পেতে থাকা তার সহযোগীরা হঠাৎ করে একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে পারভেজকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সাথে পলাতক আসামি পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেপ্তারে এলাকায় জোরদার অভিযান অব্যাহত রয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর