বন্যার পানিতে প্লাবিত আদালত, বিচারিক কার্যক্রম বন্ধ
টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ডলু নদীর বাঁধ উপচে বন্যার পানি সাতকানিয়া পৌরসভা ও আদালত চত্বরে প্রবেশ করায় আজ বুধবার (৮ জুলাই) আদালতের বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ডলু নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌরসভার বিভিন্ন সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে ঢুকে পড়েছে। উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেক সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বন্যার পানি নেমে গেলে পুনরায় আদালতের কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাতকানিয়া আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) রাশেদুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে হাঁটুসমান পানি জমে গেছে। ফলে বিচারপ্রার্থী, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষার স্বার্থে যৌথ জেলা জজ আদালত ও সাতকানিয়া চৌকি আদালতের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। বর্তমানে কর্মকর্তা-কর্মচারীরা আদালতের নথি ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম