কুমিল্লায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো পোমকাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং আওয়াল মিয়ার ছেলে জোনায়েদ (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্বজনরা জানায়, আজ বুধবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা শেষে তিন শিশু গোসল করতে যায়। একপর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর শিশু বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাদের খবর দেয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস তাদের মৃত ঘোষণা করেন।
ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
দুই শিশুর আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় হাসপাতালে ও বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি আমরা জেনেছি। কারো কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা