নারায়ণগঞ্জে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গতকাল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, থানার এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেওভোগ নুর মসজিদ এলাকার জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে মো. রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ সময় রাশেদের কাছ থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে ছুরি ও চাপাতি রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির অপরাধসংক্রান্ত তথ্য (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছিনতাই, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ