মাগুরায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু
ভারতের ৭ জন এবং বাংলাদেশের ১০টি জেলার মোট ৩৭ জন দাবাড়ুর অংশগ্রহণে মাগুরা প্রেসক্লাবে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৬।
শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জমকালো প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মাগুরা জেলা দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি সৈয়দ নাজমুস সাদাত নদু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবাইয়েত হোসেন খান।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মাগুরা প্রেসক্লাব ও আকাই স্মৃতি সংসদের সহযোগিতায় এই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় দাবা খেলোয়াড় তৈরি করা এবং দেশীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষ করে তোলার পাশাপাশি রেটিং পদ্ধতির খেলায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করা। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা