মিটফোর্ডে সোহাগ হত্যা, সাক্ষ্য গ্রহণ ২৭ জুলাই
পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার (১৯ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ এই আদেশ দেন।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী এএসএম শাহাদাৎ আলী নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু আদালতে সাক্ষীরা না আসায় বিচারক নতুন দিন নির্ধারণ করেন।
মামলার আসামিরা কারাগারে রয়েছেন। তারা হলেন— মাহমুদ হাসান মাহিন ওরফে মাহমুদুল হাসান (মহিন), তারেক রহমান রবিন, টিটন গাজী, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নানু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু, জহিরুল ইসলাম ও মো. সাগর, রুমান ব্যাপারী, আবির হোসেন, পারভেজ,জহিরুল, ইমরান, শারাফাত ওরফে শফিউল ইসলাম, জিয়াউদ্দিন রাজীব, হোসেন চৌকিদার, সারোয়ার হোসেন টিটু, মঙ্গল মিয়া ওরফে মনির হোসেন ও অপু দাস।
নথি থেকে জানা গেছে, গত বছরের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে একদল ব্যক্তি ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে পাথর দিয়ে আঘাত এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
পরে মামলার তদন্ত কর্মকর্তা কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ২১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই সঙ্গে ১০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করেন। তবে তদন্তে অসঙ্গতির বিষয় উল্লেখ করে আদালত পুনঃতদন্তের নির্দেশ দেন। পরে চলতি বছরের ১০ মে কোতোয়ালি থানার পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ পুনঃতদন্ত সম্পন্ন করে ২১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

আদালত প্রতিবেদক