চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে
করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে চেক ডিজঅনারের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২০ জুলাই) বিকেলে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক সাদিক আহম্মেদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের দুই কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি যখন হয় তখন তিনি জেলে ছিলেন। তখন মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। গত বছরের ৪ মে আদালত তাকে এ মামলায় এক বছরের সাজা দেন এবং সমপরিমাণ টাকা (দুই কোটি ১৬ লাখ) অর্থদণ্ডে দণ্ডিত করেন। এখন যেহেতু উনি কারাগারে গেছেন আমরা এ মামলার রায়ের বিরুদ্ধে আপিল করব।
এর আগে এদিন দুপুরে মিরপুরের ইসিবি এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত প্রতিবেদক