ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল ও স্ত্রীর অভিযোগ গঠন ২ সেপ্টেম্বর
গৃহপরিচারিকা প্রীতি উরাংয়ের ‘অবহেলাজনিত মৃত্যুর’ মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আগামী ২ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ বুধবার (২২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন এই আদেশ দেন। এদিন আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছানোর জন্য আবেদন করেন।
আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী এ বিষয়ে জানিয়েছেন।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে বাসার ড্রইং স্পেসের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাঁচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় মেয়েটি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং মামলা দায়ের করেন। পরবর্তীতে ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) এস এম মাহমুদ রেজা গেল ৩১ মার্চ দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মৌলভীবাজার জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের ভেতরের বাসিন্দা প্রীতি উরাং। ঘটনার আগ থেকে প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।

আদালত প্রতিবেদক