কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন দুই জেলে
বঙ্গোপসাগরে দীর্ঘ ৩৬ দিন ধরে ভাসমান অবস্থায় থাকা একটি বিদেশি ফিশিং বোটসহ শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর জেলেরা। গতকাল শনিবার (২৫ জুলাই) তাদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া দুই জেলে শ্রীলঙ্কার নাগরিক এবং সম্পর্কে তারা বাবা ও ছেলে। বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এবং সঙ্গে থাকা খাবার শেষ হয়ে যাওয়ায় তারা সাগরে কাঁচা মাছ খেয়ে কোনোমতে জীবন বাঁচিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোটের জেলেরা বঙ্গোপসাগরের ‘গুলিরধার’ এলাকায় ড্যানিশ প্রযুক্তির বিদেশি একটি বোট ভাসতে দেখেন। ইঞ্জিন বিকল হয়ে বিপদাপন্ন অবস্থায় থাকা বোটটির কাছে গিয়ে মহেশখালীর জেলেরা গুরুতর অসুস্থ অবস্থায় ওই শ্রীলঙ্কান বাবা-ছেলেকে দেখতে পান। পরবর্তীতে তাদের উদ্ধার করে মহেশখালীর তাজিয়াকাটা ঘাটে নিয়ে আসা হয়।
বর্তমানে উদ্ধার পাওয়া ওই দুই জেলে কুতুবজোমের বোট মালিক জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছেন। আর তাদের ব্যবহৃত বিদেশি ফিশিং বোটটি তাজিয়াকাটা ঘাটে বেঁধে রাখা হয়েছে।
বোট মালিক জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে কোস্ট গার্ড ও মহেশখালী থানা পুলিশ উদ্ধারকৃতদের খোঁজখবর নিয়েছে। শ্রীলঙ্কান দূতাবাসের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল বলেন, চিকিৎসাসেবার পর দুজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। দীর্ঘদিন অভুক্ত থাকায় তারা অত্যন্ত ক্লান্ত। বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দোভাষীর মাধ্যমে বিস্তারিত জেনেছে। বৈরী আবহাওয়ার কারণে তারা শ্রীলঙ্কার জলসীমা থেকে ভেসে বাংলাদেশে চলে এসেছে। পাসপোর্ট ছাড়া বিদেশি নাগরিকের বাংলাদেশে প্রবেশ আইনের দৃষ্টিতে অপরাধ হলেও এই ঘটনার মানবিক দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবুল কাশেম, কক্সবাজার (মহেশখালী-কুতুবদিয়া)