কিশোরগঞ্জে জহুরুল ইসলামের জন্মবার্ষিকীতে শিক্ষাঙ্গনে সবুজায়ন কর্মসূচি
কিশোরগঞ্জের বাজিতপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শিক্ষাঙ্গনে সবুজায়ন কর্মসূচি’। শিল্প উদ্যোক্তা সমাজসেবক মরহুম জহুরুল ইসলামের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১ আগস্ট) এই ফলপ্রসূ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বাজিতপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে মরহুম জহুরুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক প্রীতি আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সাবেক শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘স্বজন ভুবন, ঢাকা’।
‘স্বজন ভুবন, ঢাকা’র নির্বাহী সভাপতি প্রকৌশলী শাহের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সভাপতি মনোজ কান্তি রায়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব আব্দুল ওয়াহাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রফিকুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক শহীদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক জেলা ও দায়রা জজ এবং ‘স্বজন ভুবন, ঢাকা’র সাধারণ সম্পাদক ড. মো. ফজলে এলাহি ভুইয়া।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ