অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা জামায়াতের এক সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট রাতে পার্শ্ববর্তী গজারিয়া গ্রামে এক অনৈতিক ঘটনার পর স্থানীয়দের হাতে ধরা পড়েন জারুলিয়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম সজল। ঘটনাটি জানাজানির পর চুনারুঘাট উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বিষয়টি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা নিশ্চিত হন। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তাকে সভাপতির পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ইদ্রিস আলী আরও বলেন, গাজিপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ