সাভারে ফোনে প্রাণনাশের হুমকি, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
২০ মিনিটের মধ্যে পাঁচ লাখ টাকা, না হলে প্রাণনাশের হুমকি। পরে ফোন করলে সুইচ অফ। এরপর আবার হুমকি। এভাবেই চলছে ‘উত্তরার জিসান’ পরিচয় দেওয়া চাঁদাবাজের কার্যক্রম। এমন ঘটনায় সাভারে হয়েছে সাধারণ ডায়েরি (জিডি)। জিডি করেছেন ছড়াকার নূরুজ্জামান ফিরোজ। গত ১৩ আগস্ট রাতে সাভার মডেল থানায় অনলাইনে জিডি করেন তিনি।
১৪৯৫ নম্বরের ওই জিডির তথ্য বলছে, ১৩ আগস্ট রাত ৯টা ১৪ মিনিটে নূরুজ্জামান ফিরোজের ব্যবহৃত মোবাইল ফোনে ০১৭৯৭২....১৩ নম্বর থেকে কল আসে। ফোনকারী নিজেকে ‘উত্তরার জিসান’ নামে পরিচয় দেন।
অভিযোগে বলা হয়, ফোনকারী নূরুজ্জামানকে পাঁচ লাখ টাকা অথবা তার কাছাকাছি পরিমাণ অর্থ দেওয়ার জন্য চাপ দেন। টাকা দেওয়ার জন্য তাকে মাত্র ২০ মিনিট সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে ‘রক্ত ঝরবে’ বলে তাকে প্রাণনাশ ও শারীরিক ক্ষতির হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন নূরুজ্জামান। ফোনকারী তার অবস্থান বা ব্যক্তিগত কোনো তথ্য জানেন কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
জিডিতে হুমকিদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটির কলের তথ্য ও পরিচয় অনুসন্ধান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সাভার মডেল থানায় করা অনলাইন জিডির তথ্য অনুযায়ী, এর সিরিয়াল নম্বর ১ এবং জিডি ট্র্যাকিং নম্বর OJA8K7। এনটিভি অনলাইন থেকে হুমকিদাতার নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
জিডির তদন্ত কর্মকর্তা মো. আল আমীনের কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, বিষয়টি আমি অবগত। ভুক্তভোগীর সঙ্গে আমার কথা হয়েছে। অভিযুক্ত নম্বরটি এরইমধ্যে ট্রাকিংয়ে দেওয়া আছে। আপাতত তথ্য বলছে, নম্বরটি ফেইক বা তার রেডিও লোকেশন নট ফাউন্ড।
পরেও ভুক্তভোগীকে একাধিকবার কল দিয়েছে জানালে তিনি বলেন, বিষয়টি আমি জানি না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।

এনটিভি অনলাইন ডেস্ক