স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, গোবিন্দগঞ্জ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন রাজপথ দখল করবে, রাজপথ ছেড়ে দেবে না- যত ঝড়ই আসুক। আপনাদের সবাইকে পতাকার প্রতিফলন দিতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে যেই মনোনয়ন পাক, আপনাদের সবাইকে পতাকার প্রতিফলন হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহাম্মেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুল হক চৌধুরী ডিউক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইদুর রহমান রানক ও আব্দুল মান্নান সেন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান আকন্দ ও সদস্যসচিব কাজী এহসানুল হক রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহালম, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন গোলাপ ও সাধারণ সম্পাদক মঈনউদ্দীন লিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি ও সদস্যসচিব মনির হোসেন।
এ ছাড়া সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষকদল, শ্রমিক দল, জাসাস, মৎস্যজীবী দল ও তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)