গাইবান্ধায় বাসচাপায় নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত বাসের চাপায় আনিছুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাপরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর থানার নিশ্চিন্তপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় চাপরিগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত বাস আনিছুর রহমানকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে এখনও আটক করা সম্ভব না হলেও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)