ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিন মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে কাজ করতে হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। সবার সম্মিলিত সাহায্য ছাড়া স্বাস্থ্যসেবা উন্নতিকরণ সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, রূপগঞ্জে ২০ লাখ মানুষের বসবাস। একটি মাত্র সরকারি হাসপাতালে গড়ে ৪০ হাজার মানুষের জন্য একটি করে বেড বরাদ্দ রয়েছে। তাই ৫০ বেড থেকে ১৫১ বেড নয়, এটাকে যেন ২৫১ বেড হাসপাতালে উন্নীত করা হয়।
এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত কয়েক হাজার মানুষকে ১৩টি আলাদা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রাশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ মেডিক্যাল ক্যাম্পিংয়ে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)