ফরিদপুরে তিন দিনব্যাপী গণেশ পূজা শুরু, মণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়
ফরিদপুরে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মহা ধুমধামের সঙ্গে উদযাপন হচ্ছে সিদ্ধিদাতা শ্রী গণেশ পূজা। জেলায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ও ফরিদপুর সনাতনী ঐক্যের যৌথ উদ্যোগে আয়োজিত এই ৩ দিনব্যাপী গণেশ পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে হাজারো ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ফরিদপুর জেলা শহরের ঐতিহ্যবাহী মহিম স্কুল প্রাঙ্গণ ও গৌর গোপাল আঙিনায় বর্ণাঢ্য এই পূজার আয়োজন করা হয়। ফরিদপুর জেলাসহ আশপাশের জেলাগুলো থেকে সনাতন ধর্মের হাজার হাজার ভক্ত এতে অংশ নেন।
সনাতন ধর্মগ্রন্থ ও পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা গণেশের পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মে যেকোনো শুভ কাজ বা দেব-দেবীর আরাধনার পূর্বে সর্বাগ্রে শ্রী গণেশের পূজা করার সুপ্রাচীন রীতি রয়েছে।
ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মঙ্গল আরতির পাশাপাশি এ উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করবে বলে জানিয়েছেন আয়োজকরা। পূজায় আগত ভক্তরা জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে গণেশ পূজার এই জমকালো আয়োজন তাঁদের মাঝে এক নতুন আবহ ও আনন্দ-উৎসবের বার্তা নিয়ে এসেছে। আগামী তিন দিনব্যাপী পূজা প্রাঙ্গণে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

সঞ্জিব দাস, ফরিদপুর