কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, লাখো মানুষের ঢল
ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘ ১৫ বছরের বিরতির পর কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও ভাঙ্গা বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুসজ্জিত ২৫টি বাহারি নৌকার এই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে নদের দুই পাড়ে জড়ো হন লাখো উৎসুক জনতা।
নৌকাবাইচ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। নৌকাবাইচ আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা সাধারণ মানুষকে নতুন প্রাণের সঞ্চার করে। হারাতে বসা এসব ঐতিহ্যবাহী আয়োজন পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
প্রতিযোগিতায় ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ২৫টি সুসজ্জিত বাইচের নৌকা অংশ নেয়। কাঁসা, ঢোল আর হর্ষধ্বনির তাল মিলিয়ে মাঝিমাল্লাদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো কুমার নদ। দর্শনার্থীরাও দুই পাড়ে দাঁড়িয়ে করতালি ও স্লোগানে নিজেদের পছন্দের নৌকাকে উৎসাহিত করেন।
নৌকাবাইচকে কেন্দ্র করে কুমার নদের তীর ঘেঁষে বসেছিল বর্ণিল গ্রামীণ মেলা। দীর্ঘদিন পর এমন আয়োজনে পুরো ফরিদপুর অঞ্চলে এক অভূতপূর্ব উৎসবের আমেজ তৈরি হয়।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সঞ্জিব দাস, ফরিদপুর