স্বামীর পুরুষাঙ্গ কর্তনের মামলায় স্ত্রীর কারাদণ্ড
রাজধানীর বংশালে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের মামলায় স্ত্রী মোসা. রুমা আক্তারকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাদীপক্ষের আইনজীবী আতাউর রহমান বলেন, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।
বিচারক রায়ে কাচি দিয়ে আঘাতের দায়ে স্ত্রীর তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। আর গুরুতর আঘাতের দায়ে চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও একমাস কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। রায়ে বলা হয়, দুই ধারার সাজা একত্রে চলবে। এজন্য তাকে সর্বোচ্চ সাজা অর্থাৎ চার বছরের কারাভোগ করতে হবে।
নথি থেকে জানা গেছে-২০২৪ সালের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিয়াম ও রুমা। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে সিয়াম বাইরে থেকে খাবার খেয়ে বাসায় আসে। বাইরে থেকে খাবার খেয়ে আসার কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ১৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে রুমা ঘুমন্ত সিয়ামের পুরুষাঙ্গ কাপড় কাটা কাঁচি দিয়ে কেটে (অর্ধেক) দেয়। ধস্তধস্তিতে সিয়ামের বাম হাতের বৃদ্ধ আঙুল রক্তাক্ত জখম হয়।
এই ঘটনায় সিয়ামের বাবা রাজধানীর বংশাল থানায় মামলা করেন।

আদালত প্রতিবেদক