জহির হত্যা, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানী ধানমন্ডি থানার নিউমার্কেট কাঁচা বাজার মসজিদের পার্শ্বে হাসানের হোটেলের সামনে জহিরুল ইসলাম জহিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত আসামিদের ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবনপ্রাপ্ত কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন—মো. ছালাউদ্দিন ওরফে সালাউদ্দিন, নাদিম ও মো. রমজান হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির না থেকে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন নাকচ করে আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে সাজা পরোয়ানাসহ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. হাফিজ উদ্দিনসহ তিনজনকে খালাস দেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ খলিলুর রহমান (খলিল) বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, বিগত ২০০২ সালের ২৯ জুলাই অনুমানিক রাত সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থানাধীন নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে হাসানের হোটেল এর সামনে আসামিরা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে পরস্পর জোগসাজসে একই অভিপ্রায়ে বাদীর ভাই জহিরুল ইসলাম জহিরকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের পেটের উপরের অংশে, গলা ও বুকের সংযোগ অংশসহ বিভিন্ন স্থানে কুপিয়ে রাক্তাক্ত জখম করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করে। এরপর ২০০৫ সালের ২৯ ফেব্রুয়ারি একই থানার এসআই এস এম মোস্তাক হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০০৬ সালের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর বিভিন্ন সময়ে আটজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আদালত প্রতিবেদক