শসাক্ষেতে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু
পাঁচবিবি থানার ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে শেয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য শসাক্ষেতে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে সাকিব হোসেন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়ার লকমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব হোসেন ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
আজ রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে ওই শসাক্ষেতটিতে বৈদ্যুতিক তারে জড়ানো সাকিব হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে- গ্রামের অন্যান্য লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবের মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট