জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনের আউটার মাইচপাড়া এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনের আউটার মাইচপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় ওই নারী ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর হলেও এখন পর্যন্ত তার পরিচয় মেলেনি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)