২২ হাজার ভোট পেয়েও জামানত হারালেন ডা. মণীষা
বরিশাল-৫ (সদর) আসনে প্রায় সাড়ে ২২ হাজার ভোট পেয়েও জামানত হারিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ডা. মণীষা চক্রবর্ত্তী। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাঠানো ভোটের ফলাফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
নিয়মানুযায়ী জামানত বাজেয়াপ্ত ঠেকাতে মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হবে। সেই হিসেবে কোনো প্রার্থীর জামানত রক্ষায় ৩২ হাজার ৮০৯টি ভোট পেতে হবে কিন্তু ডা. মণীষা পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট। এই আসনে প্রদত্ত ভোটের সংখ্যা দুই ৬২ হাজার ৪৭০টি।
মণীষা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান অটোরিকশা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব। শ্রমজীবীদের সঙ্গে নিয়ে নির্বাচনকালীন মাঠ চষে বেড়িয়েছেন তিনি। এই নির্বাচনের ব্যয়ের টাকাও জোগাড় করে দিয়েছেন তার আসনের জনসাধারণ।
এই আসনে মোট ছয় প্রার্থীর মধ্যে মণীষা ছাড়াও জামানত হারিয়েছেন আরও তিন প্রার্থী। তারা হলেন জাতীয় পার্টির আখতার হোসেন ৯০৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আবদুল হান্নান সিকদার ৪৯৪ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) সাইদুর রহমান ৩০০ ভোট।
এ বিষয়ে জানতে চাইলে ডা. মণীষা বলেন, ২২ হাজার মানুষ আমাকে ভোট দিয়েছেন, এটা অবশ্যই খুশির খবর। এই ২২ হাজার মানুষ তো পরিবর্তন চেয়েছেন। আর জামানত বাজেয়াপ্ত করাটা আমি সমীচীন মনে করি না। একজন প্রার্থীকে মানুষ ভালোবেসে ভোট দিল তার পরও তার জামানত বাজেয়াপ্ত হবে কেন? ভোট একেবারেই না দিলে সেটা ভিন্ন বিষয়।

আকতার ফারুক শাহিন, বরিশাল