ঈদে রাইসুল তমালের ‘কেউ নেই’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ হচ্ছে নাটক। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পাশাপাশি এসব নাটকের দেখা মিলবে অন্তর্জালে। ভিন্ন স্বাদের প্রেমের নাটক নির্মাণ করেছেন রাইসুল তমাল। ‘কেউ নেই’ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি,মুশফিক আর ফারহান । নাটকটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা।
এনটিভি অনলাইনকে রাইসুল তমাল বলেন, ‘ঈদের সময় সাধারণত হাস্যরসের নাটক সবাই দেখতে চায়। আমি এ নাটকে প্রেমের গল্প দেখাতে চেষ্টা করেছি। এখানে সিরিয়াস কিছু বিষয়ের সঙ্গে হাস্যরসও থাকবে। আশা করি, সবাই নাটকটি পছন্দ করবেন।’
নাটকের গল্প এমন—অনিক একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। ক্লাসে যেতে-আসতে তারই এলাকার কলেজপড়ুয়া জারার চোখাচোখি হয়। আসা-যাওয়ার পথে নাম্বার আদান-প্রদান, ঘোরাঘুরি ও প্রেম। প্রথম প্রেমে অনিক একটু বেশিই আবেগতাড়িত হয়। জারার ফোনে যদি ওয়েটিং পায়, এরপর আর কোনো কথা নেই; অনিক নিজেকেই আঘাত করা শুরু করে। জারাকে সে এসব কখনো বুঝতে দেয় না। কিন্তু জারার সব কিছুতেই খামখেয়ালিপনা—ক্লাস, বাবা-মা, ভবিষ্যৎ। সে সময় উপভোগ করাটাকেই বেশি প্রাধান্য দেয়। সময় উপভোগ করতে গিয়েই জারা তার সমবয়সী রাসেল, আবীর ও তার ফুপাতো বোনের স্বামীর সঙ্গে নিয়মিত ফোনালাপ, দেখা করা চলতেই থাকে। এ সবকিছু ঘটে অনিকের অগোচরে। এভাবে এগিয়ে যায় নাটকটি।
পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন রাইসুল তমাল। নাটকে তানিয়া বৃষ্টি, মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, চাষী আলম, সুজন হাবিব , মিলি বাশার, আজম খানসহ অনেকে। ঈদ উপলক্ষে নাটকটি হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

বিনোদন প্রতিবেদক