৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা
আজ বুধবার (৫ আগস্ট), যা প্রতীকীভাবে ‘৩৬শে জুলাই’ হিসেবে পরিচিত। দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। সেই ধারাবাহিকতায় ফেসবুকে একটি ছোট বার্তা দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা লিখেছেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...।’
পোস্টটি প্রকাশের পরপরই তার সংক্ষিপ্ত এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেনও পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন।
প্রসঙ্গত, গণ অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ‘মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। ওই চরিত্রে অভিনয়ের পর তাকে অনেকেই ‘পর্দার বঙ্গমাতা’ বলেও উল্লেখ করেন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিষয়টি নিয়ে বিভিন্ন সময় সমালোচনা ও আলোচনার মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে।
তবে এসব বিতর্কের বাইরে সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অবস্থান তুলে ধরেন তিশা। ৫ আগস্ট উপলক্ষে দেওয়া তার সর্বশেষ এই স্ট্যাটাসও প্রকাশের পর নতুন করে নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

বিনোদন ডেস্ক