এবার কী ‘সিদ্ধান্ত’ নেবেন নিশো-মেহজাবীন?
শুটিংয়ের একটি দৃশ্যে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীসহ অন্যরা। ছবি : সংগৃহীত
ছোট পর্দার আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী ‘সিদ্ধান্ত’ শিরোনামে একটি নাটকের শুটিং শেষ করেছেন গতকাল। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
আসিফ ইকবালের গল্পে নাটকটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি। ১৭ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে এনটিভি অনলাইনকে নির্মাতা বলেন, ‘জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে তাঁর মা-বাবা বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হন। সেই গল্পে নির্মিত হয়েছে নাটকটি।’
নিশো-মেহজাবীন ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মিলি বাসার, মাসুম বাসার, খালেকুজ্জামান, নজরিন তাহেরাসহ অনেকেই।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী মাসে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি। এরপর দেখা যাবে ‘গাঙচিল ড্রামা’ ইউটিউব চ্যানেলে।

বিনোদন প্রতিবেদক