ছোটকাকুর নতুন অভিযানে ঈদ মাতাবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’
ঈদ মানেই ছোটপর্দার দর্শকদের কাছে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের নতুন নতুন গল্প। ইতোমধ্যে গোয়েন্দাভিত্তিক এই শিশুতোষ সিরিজটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এবারের ঈদেও ছোটকাকু আসছে নতুন আট পর্বের সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল’ নিয়ে।
কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নির্মাণ করছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, সঙ্গে ছিলেন আরিফ খান। ফরিদুর রেজা সাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, অন্যদিকে নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন রয়েছেন দিল্লিতে।
ইতোমধ্যে ঢাকায় শেষ হয়েছে পোস্ট-প্রোডাকশনের কাজ। যুক্তরাষ্ট্র, দিল্লি ও ঢাকা—এই তিন প্রান্তে থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, ‘কিশোরগঞ্জের কিশোরদল’ এবারের ঈদে দর্শকদের চমক দিতে পারে। সেই প্রত্যাশাই তারা রাখছেন।
এবারের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন প্রবাল, মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে।
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বলেন, “ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি আগ্রহ ছিল। সেই ভালো লাগা থেকেই ‘ছোটকাকু’ সিরিজের সঙ্গে দীর্ঘ পথচলা।”
তিনি জানান, শিশুদের জন্য দেশে খুব বেশি কাজ হয় না বলেই এই সিরিজ নির্মাণে তিনি বিশেষ আনন্দ খুঁজে পান।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’।

বিনোদন ডেস্ক