ভালো আছেন আজিজুল হাকিম
করোনাভাইরাসে আক্রান্ত রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
১৮ নভেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ইখতিয়ার আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আজিজুল হাকিমের অবস্থা ভালোর দিকে। তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন। গতকাল তাঁকে কেবিনে নেওয়া হয়েছে। তবে এখনো তাঁর দ্বিতীয়বার করোনা-পরীক্ষা করা হয়নি।
গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে আজিজুল হাকিমকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন ভোরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজিজুল হাকিমের স্ত্রী চিত্রনাট্যকার জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আজিজুল হাকিম ছাত্রজীবন থেকেই থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন। এরপর তিনি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ১৯৯৩ সালে তিনি চিত্রনাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান রয়েছে।

বিনোদন প্রতিবেদক