জ্বীন থেকে লোকজ হরর, একসঙ্গে ইউটিউবে মুক্তি পেল ১০ সিনেমা
এখনকার সময়টায় চারপাশে সিনেমা, ওয়েব কনটেন্ট আর নানা ধরনের ভিডিওর ভিড়। সেই ভিড়ের মাঝেও কিছু মানুষ নিজেদের স্বপ্ন আঁকড়ে ধরে রেখেছেন। কর্পোরেট চাকরির ব্যস্ততা সামলেও যারা সিনেমা নির্মাণের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন, তাদের উদ্যোগেই গড়ে উঠেছে ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স’ (এফএনএফ)।
সেই স্বপ্নেরই বাস্তব রূপ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গত বছরের ৩০ মে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে আসে ১০ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। প্রদর্শনীতে দর্শকদের কাছ থেকে উষ্ণ সাড়া পাওয়ার পর বছরপূর্তি উপলক্ষে এবার চলচ্চিত্রগুলো উন্মুক্ত করা হয়েছে সবার জন্য।
গত ২৭ মে নিজেদের ফেসবুক পোস্টে এফএনএফ জানায়, তাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো ইউটিউবে প্রকাশ করা হবে। পোস্টে তারা লিখেছিল, ‘পেটের খিদে মেটাতে কালাভুনা, মেজবানি আর রেজালা তো অনেক খেলেন, এবার না হয় মনের খিদেটাও মেটানো যাক!’
বর্তমানে এফএনএফ-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভিন্ন ভিন্ন জনরার এই সিনেমাগুলো হলো— জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিবের ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’, মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’ এবং আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’।
এফএনএফ-এর পক্ষ থেকে জাহিদুল হক অপু বলেন, ‘এফএনএফ প্ল্যাটফর্মে প্রায় ২০ জন সদস্য রয়েছেন, যাদের স্বপ্ন এক। এবার তাদের মধ্য থেকে ১০ জন নির্মাতা হিসেবে কাজ করেছেন, আর বাকিরা ছিলেন ক্যামেরার সামনে ও পেছনে। এটি ছিল আমাদের প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আরও নতুন নির্মাতারা যুক্ত হবেন। আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সবাই যার যার জায়গা থেকে অবদান রাখার মাধ্যমে সিনেমাগুলো নির্মাণের পরিকল্পনা করেছি।’
এফএনএফ-এর আরেক সদস্য শেখ কোরাশানী বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল স্বল্প বাজেটে সিনেমা নির্মাণ করা। প্রথম সিজনে আমরা সেটি করতে পেরেছি। এই চর্চা আমরা চালিয়ে যেতে চাই। পাশাপাশি আরও পেশাদারভাবে কাজ করার চেষ্টাও থাকবে।’
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ইউটিউবে নিয়মিত দেখা যায় এমন কনটেন্টের সঙ্গে তাদের কাজের পার্থক্য রয়েছে। কারণ ১০টি সিনেমার প্রত্যেকটির জনরা ও গল্প বলার ধরন আলাদা।
‘লোক’ একটি বাংলাদেশি লোকজ হররধর্মী গল্প, যা ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। অন্যদিকে ‘সোলমেট’ নির্মিত হয়েছে একটি জুতার দৃষ্টিভঙ্গি থেকে। সিনেমাটিও আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছে। ‘হুদাই মিস’-এ দেখা যাবে এক কর্পোরেট চাকরিজীবী ও জ্বীনের অদ্ভুত সাক্ষাতের গল্প। আর ‘ইশপাইট’ নির্মিত হয়েছে রোমান্টিক গল্পকে কেন্দ্র করে।
এছাড়া ‘প্রেসার কুকার’খ্যাত রিজভী রিজু অভিনয় করেছেন ‘ফর সেল’ সিনেমায়। ‘রকস্টার’-এর গীতিকার ও কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানিকেও দেখা যাবে ‘অন দ্য কন্ট্রারি’ চলচ্চিত্রে।
নির্মাতাদের আশা, এই উদ্যোগ নতুন চলচ্চিত্র নির্মাতাদের সীমিত পরিসরেও গল্প বলার সাহস জোগাবে। আর ‘সিজন ০১’ নামেই স্পষ্ট, এটি কেবল শুরু। খুব শিগগিরই আসতে পারে দ্বিতীয় সিজনের ঘোষণা।

বিনোদন ডেস্ক