বাংলাদেশ নাট্যোৎসবে মঞ্চস্থ হবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হতে যাচ্ছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’। নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা।
আগামী ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং শাসকের খামখেয়ালিপনার চিত্র উঠে এসেছে ‘নৃপতি’ নাটকে। নাটকের কেন্দ্রীয় চরিত্র নৃপতি নিজের ক্ষমতা ধরে রাখতে প্রজাদের চাহিদা ও প্রত্যাশাকে উপেক্ষা করে। তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগ আড়াল করতে বসন্তের কৃত্রিম আনন্দের আয়োজন করে সে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের অর্থের প্রলোভন দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টাও করে। এভাবেই নাটকটিতে স্বৈরশাসনের চরিত্র এবং তার পরিণতির চিত্র তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ।
নাটকটির নির্দেশক বদরুদ্দোজা বলেন, “ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় সাময়িকভাবে টিকে থাকা যায়, কিন্তু বিপ্লবী জনতা ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী হতে দেয় না। নিজেদের প্রাপ্য অধিকার তারা ছিনিয়ে নেয়। এই বিষয়টি নাটকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ। আমাদের অনুরোধে তিনি তৎকালীন সময়ে নাটকটি লিখেছিলেন।”
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম, সোহেল রানা বয়াতি, মাহিন রহমান, অভিক মজুমদার, সৈয়দ প্রিন্স হাসান রনি, আরিফ রানা, ওবায়দুল হক মারুফ, দীপ্তি পোদ্দার, রাসেল হোসেন, সাইফ শাহিন, আশরাফুল আলম, ফয়েজ নাসির, মৌসুমি বেগম ঢাকাইয়া ও এস এম সাগরসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক