ফাতিমা হয়ে মঞ্চে সায়রার আত্মিক যাত্রা
মরুভূমির বুকে অপেক্ষা, ভালোবাসার নীরবতা আর প্রিয় মানুষের স্বপ্নের পথে নিজেকে সরিয়ে রাখার শক্তি—পাওলো কোয়েলহোর ‘দ্য অ্যালকেমিস্ট’-এর ফাতিমা যেন ভালোবাসার এক অন্যরকম প্রতিচ্ছবি। সেই রহস্যময় ও আত্মিক চরিত্র এবার মঞ্চে ফুটিয়ে তুলছেন তরুণ অভিনয়শিল্পী সায়রা জাহান। আর ফাতিমাকে দিয়েই থিয়েটারে অভিষেক হচ্ছে তার।
পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’-এর দর্শন, রূপক ও আত্ম-অন্বেষণের গল্প মঞ্চে নিয়ে আসছে থিয়েটার দল ‘অ্যাক্টোম্যানিয়া’। নাটকটি পরিচালনা করছেন তালহা জুবায়ের। প্রযোজনাটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ফাতিমা, যেটিতে প্রথমবারের মতো মঞ্চে দেখা যাবে সায়রাকে।
উপন্যাসের গল্পে মরুদ্যানের সঙ্গে জড়িয়ে আছে ফাতিমার উপস্থিতি। সান্তিয়াগোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হলেও ফাতিমা শুধু তার প্রেমিকা নন। সান্তিয়াগো নিজের স্বপ্নের সন্ধানে এগিয়ে যেতে চাইলে তাকে আটকে না রেখে বরং সেই যাত্রার প্রতি আস্থা রাখে ফাতিমা। ভালোবাসার এই সংযত রূপই চরিত্রটিকে আলাদা করে তুলেছে।
আর এমন একটি চরিত্রই সায়রার প্রথম মঞ্চাভিনয়ের চ্যালেঞ্জ। ফাতিমার অনুভূতির বড় অংশ প্রকাশ পায় নীরবতা ও অপেক্ষার মধ্য দিয়ে। সেখানে ভালোবাসা আছে, কিন্তু নেই অভিযোগ কিংবা অধিকারবোধ। সেই আবেগকে মঞ্চে বিশ্বাসযোগ্য করে তুলতে কয়েক মাস ধরে ওয়ার্কশপ, রিহার্সাল ও চরিত্র বিশ্লেষণ করেছেন সায়রা।
সায়রা বলেন, ‘ফাতিমা চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য এক বিশাল চ্যালেঞ্জ এবং আনন্দের বিষয়। সে শুধু সান্তিয়াগোর ভালোবাসার মানুষ নয়, সে নিজেই সাহারার এক অখণ্ড অংশ। তার চোখে অপেক্ষা আছে, কিন্তু কোনো আক্ষেপ নেই। প্রথম প্রযোজনাতেই এমন একটি আত্মিক চরিত্র রূপায়ণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
প্রথম মঞ্চনাটক হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাননি এই তরুণ অভিনয়শিল্পী। চরিত্রটির নীরবতা, সংযম এবং ভালোবাসার ভেতরের শক্তিকে নিজের অভিনয়ে ধারণ করাই ছিল তার প্রস্তুতির অন্যতম দিক।
‘দ্য অ্যালকেমিস্ট’-কে মঞ্চে নতুনভাবে উপস্থাপনের জন্য মরুভূমির আবহ, আলো, সংগীত ও কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি করা হয়েছে আলাদা এক মঞ্চজগৎ। সেই জগতে ফাতিমা হয়ে সায়রার উপস্থিতি গল্পের আবেগ ও দর্শনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
তালহা জুবায়েরের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, সায়েম সিজান, জয়ব্রত বিশ্বাসসহ আরও অনেকে।
সায়রার জন্য এই প্রযোজনা শুধু একটি নাটক নয়, অভিনয়জীবনের নতুন অধ্যায়ের শুরু। সাহারার বালুচরে ফাতিমার অপেক্ষা, ভালোবাসা আর নীরব শক্তিকে ধারণ করেই মঞ্চে নিজের প্রথম পদচিহ্ন রাখতে যাচ্ছেন তিনি।

বিনোদন ডেস্ক