সপরিবারে গ্রিসে ছুটির মেজাজে রজনীকান্ত
রুপালি পর্দায় তাঁর উপস্থিতি মানেই ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা আর বাঁধভাঙা উচ্ছ্বাস। অ্যাকশন, সংলাপ কিংবা নিজস্ব স্টাইলে দশকের পর দশক ধরে দর্শকদের মুগ্ধ করে চলেছেন ক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত।
তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জাঁকজমকপূর্ণ জীবনের বাইরে তিনি যে পুরোদস্তুর একজন পরিবারকেন্দ্রিক মানুষ, তার প্রমাণ মিলল আরও একবার। সম্প্রতি গ্রিসের অ্যাথেন্সে পরিবারের সদস্যদের সঙ্গে একেবারে ছিমছাম ও আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা গেছে এই অভিনেতাকে।
গ্রিসের রাজধানী অ্যাথেন্সে সপরিবারে অবকাশ যাপন করছেন রজনীকান্ত। সেই সফরের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাঁর মেয়ে সৌন্দর্য রজনীকান্ত। ছবিগুলোতে তারকাখচিত আভিজাত্যের বদলে একেবারে সাধারণ ও ঘরোয়া মেজাজে ধরা দিয়েছেন ‘থালাইভা’।
একটি ছবিতে দেখা যায়, স্ত্রী লতা রজনীকান্তের হাত ধরে হাঁটছেন অভিনেতা, আর অন্য হাতে আগলে রেখেছেন নাতি-নাতনিদের। পাশে হাসিমুখে রয়েছেন দুই মেয়ে সৌন্দর্য ও ঐশ্বর্যসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় রজনীকান্তের পরনে ছিল বাদামি সোয়েটশার্ট, কালো ট্র্যাক প্যান্ট, সাদা স্কার্ফ ও নীল টুপি।
ছবিগুলো পোস্ট করে সৌন্দর্য জানান, অ্যাথেন্সে তাদের দারুণ কিছু স্মৃতি তৈরি হয়েছে এবং পরিবারের সবাই মিলে সফরের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রী রাশি খান্না মন্তব্য করেছেন, ‘কী মিষ্টি!’
একজন ভক্ত লিখেছেন, ‘কী সুন্দর পরিবার!’ তবে নেটিজেনদের কেউ কেউ মজা করে এও লিখেছেন যে, পারিবারিক এই ফ্রেমে অভিনেতা ধনুষ থাকলে ছবিটি আরও পূর্ণতা পেত।
মূলত কেবল অবকাশ যাপন নয়, একটি বিশেষ পারিবারিক আয়োজনে যোগ দিতেই গ্রিসে পাড়ি জমিয়েছিলেন রজনীকান্ত ও তাঁর পরিবার। জনপ্রিয় সংগীত পরিচালক ও রজনীকান্তের আত্মীয় অনিরুদ্ধ রবিচন্দর এবং আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারানের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতেই তাদের এই সফর।
বিয়ের আসরেও স্বভাবসুলভ প্রাণবন্ত রূপে দেখা গেছে রজনীকান্তকে। সেখানে নিজের অভিনীত ‘ভেত্তাইয়ান’ সিনেমার জনপ্রিয় গান ‘মানসিলায়ো’র তালে নেচে আসর মাতিয়ে তোলেন তিনি, যার ভিডিও ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নবদম্পতিকেও সে সময় হাততালি দিয়ে অভিনেতাকে উৎসাহ জোগাতে দেখা যায়।
কর্মক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। সর্বশেষ নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমায় দেখা গেছে তাকে, যা বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এ ছাড়া আগামী ২০২৭ সালে মুক্তি পেতে যাওয়া অশ্বত্থ মারিমুথু পরিচালিত ‘ধর্মণ’ সিনেমায় দেখা যাবে তাকে। তবে আপাতত সিনেমার ব্যস্ততা ভুলে পরিবারের সঙ্গে রজনীকান্তের এই নির্মল আনন্দঘন সময়ই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিনোদন ডেস্ক